কেউ তার মৃত স্বামীর রেখে যাওয়া শেষ সম্বল জমা রেখেছিলেন। কেউ রেখেছিলেন সন্তানের কষ্টে উপার্জিত টাকা। আবার কারো গরু-ছাগলন হাঁস-মুরগি বিক্রির টাকা। সমবায় সমিতির নিবন্ধন খুলে উচ্চ লাভের প্রলোভন দেখিয়ে গ্রামের সহজ-সরল গ্রাহকদের থেকে অন্তত দশ কোটি নিয়ে উধাও হয়ছে একই মালিকানাধীন দুইটি সমবায় সমিতির সভাপতি আব্দুর রব।
এখন টাকা ফেরত পাওয়ার আশায় অফিসের সামনে রাত-দিন পার করছেন আমানতকারীরা। টাকা ফেরত পাওয়া নিয়ে চরম উৎকণ্ঠায় রয়েছেন তারা।
ভোলার দৌলতখান উপজেলার একই মালিকানাধীন সমবায় অধিদপ্তরের অনুমোদিত আইডিয়াল মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড ও নিউ আইডিয়াল মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি নামের দুইটি আর্থিক সংস্থা দীর্ঘ একযুগেরও বেশি সময় ধরে গ্রাহকের জমানো অর্থ আত্মসাৎ করে আসছে। সংস্থা দুটিতে দীর্ঘ একযুগেরও বেশি সময় ধরে এমন অবৈধ কার্যক্রম চললেও বিষয়টি জানে না জেলার তদারকি সংস্থা।
জানা গেছে, প্রায় একযুগ আগে দৌলতখান পৌরসভার ৭নং ওয়ার্ডে আইডিয়াল মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড যাত্রা শুরু করে। পরবর্তী সময়ে একই উপজেলার নুরমিয়ার হাটে নিউ আইডিয়াল মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি নামে আরেকটি শাখার কার্যক্রম পরিচালনা করছিল সংস্থা দুইটির সভাপতি একই পৌরসভার বাসিন্দা আব্দুর রব। অভিযোগ উঠেছে গ্রাহকের টাকায় আব্দুর রব নামে-বেনামে প্লট কিনেছেন, হাউজিং ব্যবসাসহ করেছেন স্থানীয় পৌরসভায় কাউন্সিলর নির্বাচন।

এছাড়া সমবায় সমিতির আইনের তোয়াক্কা না করে আব্দুর রব নিজে ওই সমবায় সমিতি দুটির সভাপতি পদ ও তার নিজের পরিবারের সদস্যদের সমিতির বিভিন্ন পদে সদস্য বানিয়ে দীর্ঘদিন ধরে এমন অবৈধ কার্যক্রম পরিচালনা করে এসেছেন।
আরও জানা গেছে, সমবায় দুটি চালুর পর গ্রাহকের আমানত ও ডিপিএসের জমানো টাকার ওপরে নির্দিষ্টহারে কিছু লাভ দিলেও গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হলে সংস্থার কার্যক্রম গুটিয়ে নেন। একপর্যায়ে গত মাসের নভেম্বরে সংস্থার অফিসে তালা মেরে আত্মগোপনে চলে যান সংস্থার সভাপতি আব্দুর রব। রব পালিয়ে যাওয়ার পর গ্রাহকদের চাপের মুখে সংস্থার অফিস দুটিতে তালা মেরে আত্মগোপনে চলে যান সংস্থার অন্যান্য কর্মীও মাঠকর্মীরাও।
সরেজমিনে সমবায় সমিতির শাখা দুটির কার্যালয়ে গিয়ে দেখা যায় শাখা তালাবদ্ধ। অন্যদিকে টাকা ফেরত পাওয়ার আশায় শাখা দুটির কার্যালয় ও অফিসের সামনে চুক্তিপত্র হাতে নিয়ে প্রতিদিনই ভিড় করছেন সর্বস্ব হারানো গ্রাহকরা। কার্যালয় তালাবদ্ধ দেখে ফের ফিরে যাচ্ছেন তারা। তাদের জমানো টাকা ফেরত পাবে কিনা তাও জানেনা গ্রাহকেরা। বর্তমানে আমানতকারীরা তাদের টাকা ফেরত পাওয়া নিয়ে পড়েছেন চরম অনিশ্চয়তায়।
ভুক্তভোগীরা অভিযোগ করে ঢাকা পোস্টকে বলেন, সমবায় থেকে নিবন্ধন নিয়ে সংস্থার প্রধান আবদুর রব কার্যত ব্যাংকিং কার্যক্রম শুরু করেন। গ্রাহকদের টাকা হাতিয়ে নেওয়ার জন্য এক লাখ টাকার বিপরীতে প্রতি মাসে ১৫ হাজার টাকার উচ্চ মুনাফা ও বিভিন্ন মেয়াদী আমানত দ্বিগুণ দেওয়ার মতো আকর্ষণীয় অফার ছিল। সংস্থার এসব লোভনীয় অফার নিয়ে মাঠকর্মীরা সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে সংস্থায় টাকা জমা রাখার জন্য উৎসাহিত করতেন। আর এভাবেই নুর মিয়ারহাট এলাকায় প্রায় পাঁচ শতাধিক ও উপজেলা সদরে প্রায় চার হাজার গ্রাহকের কাছ থেকে অত্যন্ত ১০ কোটি টাকা হাতিয়ে নেয় সংস্থাটি।
দৌলতখানে সৈয়দপুর ইউনিয়নের ছোটধলী গ্রামের কৃষক আবুল কালাম বলেন, আমি একজন কৃষক। কৃষিকাজের পাশাপাশি গরু-ছাগল পালন করতাম। অসুস্থতার কারণে গরু-ছাগল বিক্রি করে ৫ লাখ টাকা পাই। এই টাকা ঘরেই ছিল। পরে আইডিয়াল মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির মাঠকর্মী রাসেলসহ কয়েকজন আমার বাড়িতে গিয়ে আমাকে ডাবল মুনাফার লোভ দেখায়। বলেছে ৫ বছর পর ৫ লাখে আরও ৫ লাখ সহ মোট ১০ লাখ টাকা দেবে। পরে আমার টাকা এ ব্যাংকে (নিউ আইডিয়াল মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি) জমা রাখি। মাসে মাসে কিছু টাকা লাভ দিত। কিন্তু গত কয়েকমাস লাভ দেওয়া বন্ধ করে দেয়। নভেম্বর মাস থেকে অফিস তালা মারা দেখতেছি। ব্যাংকের কাউকে খুঁজে পাচ্ছি না। প্রতিদিন আসি খোঁজ নিতে, আজও এসেছি। কাউকে পাচ্ছি না। আমার টাকার কী হবে?
সুরমা বেগম বলেন, আমার স্বামী দিনমজুর। অনেক কষ্ট করে ৩০ হাজার টাকা জমা রাখছি। ২ বছর পর ৩০ হাজার টাকাসহ মোট ৪২ হাজার টাকা দেবে। গত কয়েকদিন ধরে অফিসে আসতেছি। এসে দেখি অফিস তালা মারা।
নিউ আইডিয়াল মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির নুর মিয়ারহাট তালাবদ্ধ কার্যালয়ের সামনে বসে আছেন বিধবা মাজেদা বেগমসহ নিম্নবিত্ত কয়েকজন নারী। মাজেদা বলেন, আমার স্বামী মৃত্যুর আগে আমার জন্য রেখে যান ৩ লাখ টাকা। আমার বেঁচে থাকার শেষ সম্বল ৩ লাখ টাকা এখানে জমা রেখেছিলাম। প্রতিমাসে লাভের টাকায় চলতো চিকিৎসার খরচ চলত। কিন্তু গত ১ মাস ধরে রোজ সংস্থার অফিসে এসেও কাউকে না পেয়ে কান্নাকাটি করে ফিরে যাচ্ছি।
সমবায় সমিতি দুটির সভাপতি আব্দুর রবের মোবাইল ফোনে কল দিয়ে বন্ধ পাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি। তবে তার ব্যবহৃত ফেসবুক আইডিতে তিনি লিখেছেন, তার বাড়িঘর বিক্রি করে হলেও গ্রাহকদের আমানত ফিরিয়ে দেবেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, নিউ আইডিয়াল মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি নামের সমিতি গ্রাহকদের সঙ্গে তাদের ঝামেলা চলছে, আমি শুনেছি। তবে কোনো গ্রাহক থানায় এসে লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলা সমবায় কার্যালয়ের উপ সহকারী কর্মকর্তা আব্দুল মতিন ঢাকা পোস্টকে বলেন, সমবায় আইন অনুযায়ী প্রতিবছর সমবায় সমিতি নিরীক্ষা করা হয়। দৌলতখানের আইডিয়াল মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড ও নিউ আইডিয়াল মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি সমবায় সমিতির নিবন্ধন নিয়ে ব্যাংকিং কার্যক্রমের বিষয়টি জানা নেই। এছাড়া আমাদের কাছে কোনো অভিযোগ নেই। কোনো গ্রাহক অভিযোগ দিলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সমবায় আইন অনুযায়ী গ্রাহকদের টাকা আদায়েরও ব্যবস্থা আছে।
Read_more
- ফায়ার সার্ভিসের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষ
- সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল সম্পদেও ‘লাল’
- শেখ হাসিনার সেই পিয়নের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় ৬২৬ কোটি
- দুর্নীতি রোধে কর্মকর্তাদের প্রশিক্ষণ দিতে চায় ইসি
- মাগুরায় সরকারি নলকূপ স্থাপনে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
- কার নির্দেশে ডিবি থেকে ছাড়া পেলেন হামিদুর?
মন্তব্য / প্রেরক
বিরামপুরকে জেলা বাস্তাবায়ন ও নাগরিক দূর্ভোগ নিরসনে স্মারকলিপি প্রদান
-
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
বিরামপুরকে জেলা বাস্তাবায়ন ও প্রথম শ্রেণির বিরামপুর পৌর নাগরিকদের দূর্ভোগ নিরসন ও শহরের শৃঙ্খলা ফেরানোর দাবিতে সোমবার ২ নভেম্বর দুপুরে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বিরামপুর পেশাজীবি ঐক্য ফ্রন্টের আহবায়ক রফিকুল ইসলাম সরকার উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোছাঃ তানজিনা খাতুনের নিকট এ স্মারকলিপি প্রদান করেন।
এসময় তার সাথে ছিলেন, বিরামপুর পেশাজীবি ঐক্য ফ্রন্টের সদস্য সচিব ও বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ মাহমুদুল হক মানিক, দিনাজপুর দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক লায়ন মোজাম্মেল হক, সাবেক ভিপি গোলাম মোর্শেদ সৈকত, সাংবাদিক নজরুল ইসলাম, হাফিজ উদ্দিন সরকার, মোবারক আলী, ফরিদ হোসেন, মানিক চৌধুরী, মাজহারুল ইসলাম তানিম।
স্মারকলিপিতে জানানো হয়, বিরামপুর শহরের উভয় পাশে এবং ঢাকামোড়ে অটোরিক্সা, মিশুক, টেম্পু, ভ্যান ও বাসের অবৈধ স্ট্যান্ড অপসারণ, যানজট নিরসন, অটোরিক্সার ভাড়া নির্ধারণ, শব্দ দুষন নিয়ন্ত্রণ, সড়ক ও ফুটপাত দখলমুক্ত করণ, ট্রাফিক পুলিশের ব্যবস্থা গ্রহণ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, এবং সপ্তাহে দু’দিন পৌর কার্যালয়ে প্রশাসকের কার্যক্রম পরিচালনার দাবি জানানো হয়।
দাবির প্রেক্ষিতে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোছাঃ তানজিনা খাতুন বলেন, অচিরেই ঢাকামোড় ও হাসপাতাল মোড় সড়কের শৃঙ্খলা ফেরানোর ব্যবস্থা করা হবে।
মন্তব্য / প্রেরক
নীলফামারীর ইজতেমায় লক্ষাধিক মুসল্লির জুমার নামাজ আদায় দারোয়ানি টেক্সটাইল মাঠে ধর্মীয় ভাবগাম্ভীর্যে তিন দিনব্যাপী জেলা ইজতেমা, শনিবার আখেরি মোনাজাত
-
প্রতিবেদন: ঢাকামোড়২৪.কম (DM24NEWS)
উত্তরের জেলা নীলফামারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে চলছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। শুক্রবার (৩০ অক্টোবর) ইজতেমার দ্বিতীয় দিনে জুমার নামাজ আদায় করতে সমবেত হন লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি।
জেলার সৈয়দপুর-নীলফামারী মহাসড়কসংলগ্ন দারোয়ানি টেক্সটাইল মাঠে আয়োজিত এ ইজতেমায় নীলফামারী ছাড়াও ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ, সৈয়দপুরসহ আশপাশের বিভিন্ন উপজেলা ও জেলা থেকে মুসল্লিরা অংশ নেন। জুমার নামাজে মুসল্লিদের উপস্থিতি মূল মাঠ ছাড়িয়ে আশপাশের সড়কেও ছড়িয়ে পড়ে।
আন্তর্জাতিক পর্যায়ের মুসল্লিদের অংশগ্রহণ
এবারের ইজতেমায় বিদেশি মুসল্লিদেরও অংশগ্রহণ রয়েছে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মরক্কো, নাইজেরিয়া, সুদান ও সৌদি আরবসহ বিভিন্ন দেশের নাগরিকরা এতে অংশ নিয়েছেন।
ইজতেমায় দ্বীনের দাওয়াত, মানবকল্যাণ, ধর্মীয় জীবনযাপন এবং আখিরাতের প্রস্তুতি বিষয়ে বয়ান পেশ করা হচ্ছে।
নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
ইজতেমাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, গোয়েন্দা পুলিশ ও সাদাপোশাকের সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি মুসল্লিদের সার্বিক সহযোগিতায় স্বেচ্ছাসেবকেরা কাজ করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
শনিবার আখেরি মোনাজাত
আয়োজকদের ঘোষিত সূচি অনুযায়ী, আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ জেলা ইজতেমা শেষ হওয়ার কথা রয়েছে।
আখেরি মোনাজাতে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য, সমৃদ্ধি এবং মানবকল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।
মন্তব্য / প্রেরক
নবাবগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
-
মেহেদী হাসান, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদার।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এ মাসিক সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফ উদ্দিন, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কুদ্দুস, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ মো. ইকবাল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্রত্ব কুমার চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী মো. হোসেন আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বণিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাজমুল হুদা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক ও সাংবাদিকরা।
সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে সাম্প্রতিক সময়ে অনলাইন জুয়া,
মাদক, চুরি, ডাকাতি ও ছিনতাইসহ নানা সামাজিক সমস্যা নিয়ে মতবিনিময় হয়। মাসিক সভায় বক্তারা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানান।
মন্তব্য / প্রেরক
প্রতিষ্ঠাবার্ষিকীতে ব্যতিক্রমী উদ্যোগ, ঘোড়াঘাটে যুবদলের ৫ শতাধিক তালবীজ রোপণ
-
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাটে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে উপজেলা যুবদল। প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে উপজেলার ২ নম্বর পালশা ইউনিয়নের পশ্চিম পালশা সড়কের পাশে পাঁচ শতাধিক তালবীজ রোপণ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।
বুধবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ কর্মসূচি পালন করা হয়।
আয়োজকেরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং প্রকৃতি সংরক্ষণে জনসচেতনতা তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি পরিবেশবান্ধব এমন উদ্যোগ স্থানীয় পর্যায়ে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে বলে আশা করছেন তাঁরা।
তালগাছ প্রকৃতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। বজ্রপাতের ঝুঁকি মোকাবিলায় তালগাছের সম্ভাব্য ভূমিকা নিয়েও জনসচেতনতা রয়েছে। সড়কের পাশে রোপণ করা এসব তালবীজ যথাযথ পরিচর্যায় বেড়ে উঠলে ভবিষ্যতে এলাকার প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি ও সবুজ পরিবেশ গড়ে তুলতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা আয়োজকদের।
ঘোড়াঘাট উপজেলা যুবদলের সদস্যসচিব মোফাজ্জল হোসেন প্রধান বলেন, ‘যুবসমাজ দেশের শক্তি। দেশ ও মানুষের কল্যাণে কাজ করাই যুবদলের অন্যতম অঙ্গীকার। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পশ্চিম পালশা সড়কে পাঁচ শতাধিক তালবীজ রোপণের মাধ্যমে আমরা পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে চাই। আমরা চাই, এ উদ্যোগের মাধ্যমে এলাকার মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম পরিবেশ রক্ষায় আরও সচেতন ও উদ্বুদ্ধ হোক।’
উপজেলা যুবদলের আহ্বায়ক জহরুল ইসলাম শান্ত বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা শুধু আনুষ্ঠানিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ থাকতে চাইনি। পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সড়কে পাঁচ শতাধিক তালবীজ রোপণের উদ্যোগ নিয়েছি। আমরা বিশ্বাস করি, গাছ লাগানো শুধু একটি কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ার অঙ্গীকার।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন যুবনেতা বাবলু মিয়া, মাসুদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুজন প্রধান, ২নং পালশা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি
জোবায়ের হোসেন এবং স্বেচ্ছাসেবক নেতা সাইদুল এরশাদসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মন্তব্য / প্রেরক
সাম্প্রতিক
নিউজলেটার
নিউজলেটার বিবরণ